রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


রাজস্থলী প্রতিনিধি    |    ১০:৫৭ এএম, ২০২৬-১১-০৮

রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

​রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​শনিবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাসেম মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান বলেন, "৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ইতিহাসের সঠিক চর্চা এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

​উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ তাঁর বক্তব্যে বলেন, "৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিন সিপাহী-জনতার ঐক্য ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নতুন মাত্রা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও রাষ্ট্র গঠনে অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়। গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

​অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

​এর আগে দিনটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটে। দিনটি দেশের ইতিহাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত।