জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৩ পিএম, ২০২৫-১২-১১

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেন।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিলের প্রধান তারিখসমূহ

  • মনোনয়নপত্র জমা: ২৯ ডিসেম্বর

  • যাচাই–বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি

  • আপিল দাখিল: ১১ জানুয়ারি

  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি

  • প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি

  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

  • প্রচার শুরু: ২২ জানুয়ারি

  • প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট

ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সংসদীয় নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের

এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তফসিল ঘোষণার সময় পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন তিন লাখেরও বেশি প্রবাসী।

তফসিল ঘোষণার আগে আপিল বিভাগ ও হাইকোর্টের রায় অনুযায়ী বাগেরহাট ও গাজীপুরের কিছু আসনের সীমানায় পরিবর্তন আনতে যাচ্ছে ইসি।

আপিল বিভাগের রায়ে বাগেরহাট-১, ২, ৩ এবং গাজীপুর-৬ আসনের গঠনসংক্রান্ত পূর্বের গেজেটকে অবৈধ ঘোষণা করা হয়।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাগেরহাটের চারটি আসন (৯৫–৯৮) পূর্বের মতো পুনর্বহাল করে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশের পূর্ববর্তী সংসদ নির্বাচনগুলোতে তফসিল থেকে ভোটের ব্যবধান ছিল ৩৭ থেকে ৬৮ দিনের মধ্যে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যবধান ছিল ৫৩ দিন।

তফসিল ঘোষণার আগে সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করা হলে তিনি কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনকে ঘিরে চলমান আলোচনা–সমালোচনার অবসান ঘটেছে এবং দেশ এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রক্রিয়ায় প্রবেশ করেছে।