চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন


আলমগীর মানিক    |    ০৬:২৭ পিএম, ২০২৫-১২-২৭

চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী তালিকায় রদবদল এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনে নতুন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক এলাকা) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী।

এর আগে প্রাথমিকভাবে এই আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় পর্যালোচনা ও সাংগঠনিক বিবেচনায় পরিবর্তন এনে আসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

অন্যদিকে, চট্টগ্রাম-১০ আসনে (পাহাড়তলী–হালিশহর) দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে সাঈদ আল নোমানকে।

একই সঙ্গে চট্টগ্রাম-১১ আসনে (বন্দর–পতেঙ্গা) বিএনপির প্রার্থী হিসেবে পুনরায় মনোনয়ন পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করছে।

গত ৩ নভেম্বর প্রথম দফায় দেশের ২৩৭টি আসনে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম প্রকাশ করে দলটি।

পরে গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এ পর্যন্ত সবমিলিয়ে ২৭৩টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে।

বাকি ২৭টি আসনের প্রার্থীদের নামও যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।