রাজস্থলীতে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে অ্যাডভোকেসি সভা


আজগর আলী খান    |    ০৯:৪৩ পিএম, ২০২৬-০৯-১৫

রাজস্থলীতে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে অ্যাডভোকেসি সভা

রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে কারিতাস পিএইচপি-৩ (PHP-3) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কারিতাস পিএইচপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনেরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা তামাক চাষের ফলে জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষিজমির ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাবের বিষয়টি তুলে ধরেন।

তারা বলেন, তামাক চাষের বিস্তার রোধে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

একই সঙ্গে কৃষকদের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করা এবং তাদের জন্য টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করাও সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, তামাক চাষ থেকে সরে এসে লাভজনক ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার দিকে কৃষকদের আগ্রহী করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ ও কৃষি সুরক্ষায় তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সংসদ সদস্যের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, ডা. নিজাম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, শিক্ষক জাহিদুল আলম এবং রাজস্থলী থানার উপপরিদর্শক **কল্যাণ ত্রিপুরা**সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।