বাঘাইছড়িতে শিলাবৃষ্টিতে বসত ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি


ওমর ফারুক সুমন    |    ০৪:২০ পিএম, ২০২৬-০৩-২৯

বাঘাইছড়িতে শিলাবৃষ্টিতে বসত ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ মার্চ ২০২৬)  রাতে আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে উপজেলার একাধিক ইউনিয়ন ও পৌরসভার অর্ধশতাধিক গ্রামের শত শত বসতঘর ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে অধিকাংশ ঘরের টিনের চালা ফুটো হয়ে যায়। এতে ঘরের ভেতরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমি ফল আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা জানান, তার ইউনিয়নেই আনুমানিক ২০০টি ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় বাজারে ইতোমধ্যে ঢেউটিনের সংকট দেখা দিয়েছে। সরকারি সহায়তা ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে ঘর মেরামত করা সম্ভব নয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, দ্রুত সরকারি সহায়তা না পেলে পরবর্তী বৃষ্টিতে ঘরের ভেতরের সবকিছু ভিজে নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জেনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং শিগগিরই সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।