হিল ভিডিপি সদস্যের তথ্যের ভিত্তিতে সীমান্তে অভিযান, উদ্ধার ৩ কোটি টাকার ইয়াবা


অহিদুল ইসলাম অভি    |    ১০:১৪ পিএম, ২০২৬-০৬-২১

হিল ভিডিপি সদস্যের তথ্যের ভিত্তিতে সীমান্তে অভিযান, উদ্ধার ৩ কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্ত এলাকায় হিল ভিডিপি সদস্যের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) মিয়ানমার সীমান্তের ৪৬ ও ৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী একটি নির্জন সেগুন বাগানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রয়েছে বলে তথ্য পান আশারতলী বিজিবি ক্যাম্পে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি প্লাটুন লিডার রহমান (ছদ্মনাম)।

তথ্যটি নিশ্চিত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে ১১ বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বিজিবির একটি বিশেষ দল এবং হিল ভিডিপি সদস্যদের সমন্বয়ে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সেগুন বাগানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের চালানটি নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়কের উপস্থিতিতে ব্যাটালিয়ন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ সীমান্ত নিরাপত্তা জোরদারে বিশেষ অবদান রাখছে।

সীমান্তে মাদকবিরোধী এই সফল অভিযানকে আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।