রাজস্থলীতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত


আজগর আলী খান    |    ০৮:৩০ পিএম, ২০২৬-০৮-১৯

রাজস্থলীতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান।

বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এসব বিষয়ে আরও কার্যকরভাবে কাজ করতে হবে।

আশিকার উপজেলা কো-অর্ডিনেটর রমেশ চন্দ্র তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং ফিল্ড কো-অর্ডিনেটর সাধন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় বক্তব্য দেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, রাজস্থলী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. নওশাদ খান, কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ইতুসি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিলি চাকমা, স্বাস্থ্য বিভাগের ব্র্যাক ম্যানেজার সঞ্চয় চাকমা, সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমা, তথ্য আপা লুই মারমা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, মৎস্য প্রতিনিধি চিংনুমং মারমা এবং পৌয়তু মৌজার হেডম্যান উথিনসিন মারমা।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে উপকৃত হবে, তা তুলে ধরা হয়।

সভার শুরুতে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর জগদীশ্বর চাকমা।

পরে প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন আশিকা প্রকল্পের কর্মকর্তা রীপি চাকমা।

আয়োজকরা জানান, প্রকল্পটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী বিভিন্ন সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং এসব সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।