রাজপথ থেকে জেলা পরিষদে, ফারুক আহমেদ সাব্বিরের নতুন অধ্যায়


আলমগীর মানিক    |    ১২:০৮ এএম, ২০২৬-০৮-২১

রাজপথ থেকে জেলা পরিষদে, ফারুক আহমেদ সাব্বিরের নতুন অধ্যায়

তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে রাজপথের আন্দোলন-সংগ্রাম—দীর্ঘ রাজনৈতিক পথচলায় পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন ফারুক আহমেদ সাব্বির।

রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক ছাত্রনেতা বর্তমানে রাঙামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পর জেলা পরিষদের সদস্য হিসেবে নতুন এই দায়িত্বকে তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

ফারুক আহমেদ সাব্বিরের সাংগঠনিক রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় রাঙামাটি জেলা ছাত্রদলের নেতৃত্বের মধ্য দিয়ে।

২০১৮ সালের মে মাসে তাঁকে সভাপতি এবং আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় করার পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত করার কাজে মনোযোগ দেন তাঁরা।

দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২০২১ সালে রাঙামাটি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এতে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পায় বলে দলীয় সূত্রে জানা যায়।

জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার পর ফারুক আহমেদ সাব্বিরের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হয়।

২০২২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন তিনি।

এর মধ্য দিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের নেতৃত্ব থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বে উঠে আসেন সাব্বির।

পরে ২০২৪ সালে ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ে নতুন নেতৃত্ব ও সাংগঠনিক পরিবর্তন এলে তাঁর কেন্দ্রীয় দায়িত্বেরও অবসান ঘটে।

বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ফারুক আহমেদ সাব্বিরের রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা।

তাঁদের দাবি, বিগত সরকারের সময়ে বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হয়েছেন, রাজপথে হামলার শিকার হয়েছেন এবং বিভিন্ন সময়ে কারাবরণও করেছেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে যাননি। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন পরিচিত ও সক্রিয় সংগঠক হিসেবে জায়গা করে নেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব শেষ হওয়ার পর ফারুক আহমেদ সাব্বির রাঙামাটি জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বর্তমানে তিনি রাঙামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রদলের জেলা সভাপতি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব, এরপর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব—রাজনৈতিক জীবনের এই ধারাবাহিকতার পর এবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়।

ফারুক আহমেদ সাব্বিরের জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকে তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক পথচলার স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি রাঙামাটির সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা, জেলার সুষম উন্নয়ন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখবেন।

দীর্ঘ ছাত্ররাজনৈতিক পথচলা পেরিয়ে এবার জেলা পরিষদের দায়িত্ব—ফারুক আহমেদ সাব্বিরের জন্য এটি শুধু নতুন একটি পদ নয়, বরং রাজনৈতিক জীবনের নতুন পরিসরে কাজ করার একটি সুযোগ বলেই মনে করছেন তাঁর অনুসারীরা।