কোতয়ালীর অভিযানে কলেজ গেইটের মাদক সম্রাট মাহাবুবসহ গ্রেপ্তার ৮


আলমগীর মানিক    |    ০১:২৬ এএম, ২০২৬-০৯-১৭

কোতয়ালীর অভিযানে কলেজ গেইটের মাদক সম্রাট মাহাবুবসহ গ্রেপ্তার ৮

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবন, দাঙ্গা সংগঠন ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলমের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে  রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াবাসহ গ্রেপ্তার মাহাবুব আলম (৩৮) রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মো. মানিক উদ্দীন (২৫), মো. আকবর আলী (৪৫), মো. জুয়েল (২৩) ও মো. সিদ্দিকুর বাবুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানা (৩১), মাদক সেবনের অভিযোগে মো. রাশেদ (৩৪) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. আবুল কালামকে (৪২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।