রাঙামাটি শহরে সিএনজি দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের,চালকসহ সিএনজি আটক


মেহেদী হাসান    |    ১২:৫১ এএম, ২০২৬-০৯-২৪

রাঙামাটি শহরে সিএনজি দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের,চালকসহ সিএনজি আটক

রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি এসপি কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই নিহত ব্যক্তি ও সিএনজি অটোরিকশার চালকের পরিচয়সহ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ কারণে ঘটনার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সংবাদ প্রকাশ করা হয়।

পরবর্তীতে পুলিশ ও স্থানীয় সূত্রে নিহত ব্যক্তি ও চালকের পরিচয়সহ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহত মো. হান্নান মোল্লা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এরাবুনিয়া এলাকার বাসিন্দা।

তিনি মৃত হতিকার মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এসপি কার্যালয় সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন হান্নান মোল্লা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশার চালক মো. শহিদুল ইসলামকে আটক করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।

আটক শহিদুল ইসলাম রাঙামাটি শহরের ২ নম্বর পাথরঘাটা এলাকার বাসিন্দা। তার বাবার নাম গোলাপ মিয়া।

রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সিএসডি টাইমস ২৪ ডটকমের পাঠকদের জানানো যাচ্ছে, দুর্ঘটনার পরপর প্রকাশিত প্রাথমিক সংবাদে যেসব তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, পরবর্তীতে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনে সেগুলো সংযোজন করা হয়েছে।