বিলাইছড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা, পূজার প্রস্তুতি পরিদর্শন


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০২:০৭ পিএম, ২০২৬-১০-১২

বিলাইছড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা, পূজার প্রস্তুতি পরিদর্শন

বিলাইছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন (২৯ বীর)-এর উদ্যোগে স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।

রোববার (১১ অক্টোবর ২০২৬) দীঘলছড়ি আর্মি ক্যাম্পে স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটির হাতে পূজা উদযাপনের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার পূজার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

আর্থিক সহায়তা পেয়ে দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ধরনের সহযোগিতা স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উদযাপনে এ সহযোগিতা স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।