জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পশুপালন প্রশিক্ষণ, বিতরণ করা হলো সনদ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৩৫ পিএম, ২০২৬-১১-২০

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পশুপালন প্রশিক্ষণ, বিতরণ করা হলো সনদ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের আত্মকর্মসংস্থান ও বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে রাঙামাটির জুরাছড়িতে দুই দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন অংশ নেন। তাঁদের মধ্যে ২৪ জন পাহাড়ি ও ৬ জন বাঙালি। অংশগ্রহণকারীদের ২১ জনই ছিলেন পাহাড়ি নারী।

জুরাছড়ি উপজেলা হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জুরাছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম।

প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য সরবরাহ, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, টিকাদান, পশু মোটাতাজাকরণ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্বল্প পরিসরে পশুপালনের মাধ্যমে পারিবারিক আয় বাড়ানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

পার্বত্য অঞ্চলের অনেক পরিবার কৃষিকাজের পাশাপাশি গৃহপালিত পশুপাখি পালনের ওপর নির্ভরশীল। তবে আধুনিক পালন পদ্ধতি ও রোগ প্রতিরোধ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উৎপাদন ও আর্থিক সাফল্য অর্জন সম্ভব হয় না। এ অবস্থায় প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের দক্ষতা বাড়ানো এবং ক্ষুদ্র পরিসরে আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে পাহাড়ি নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পারিবারিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ সহায়ক হতে পারে।

স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, জীবনমানের অগ্রগতি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে জুরাছড়ি জোনের এ আয়োজন করা হয়। একই সঙ্গে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারেও এ ধরনের কার্যক্রম ভূমিকা রাখতে পারে।