বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত


অহিদুল ইসলাম অভি    |    ১২:৫১ এএম, ২০২৬-১১-১৩

বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৩৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পূজার্চনার মধ্য দিয়ে আয়োজিত এ উৎসবে দূর-দূরান্ত থেকে শত শত পুণ্যার্থী অংশগ্রহণ করেন। সকাল থেকেই বিহার প্রাঙ্গণে পুণ্যার্থীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক পবিত্র ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে দূর-দূরান্ত থেকে আগত ভিক্ষু সংঘকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। কালাই বাবু চাকমা ও লুনা চাকমার সঞ্চালনায় সকাল সাড়ে ৯টায় বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ভদন্ত আর্য্যলংকার মহাথের। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন তক্তানালা দক্ষিণ পাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অগ্রবংশ থের। বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন দীঘলছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত ক্ষেমালংকার থের এবং রাঙ্গুনিয়ার সোনায়ছড়ি রাজবিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলজ্যোতি থের।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা ১৫ মিনিটে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডদান ও আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টায় দয়াময় চাকমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রথমে কঠিন চীবর নিয়ে এলাকার প্রধান সড়কে প্রদক্ষিণ করা হয়। এরপর কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ এবং মূল কঠিন চীবর দান সম্পন্ন হয়। এ পর্বেও সভাপতিত্ব করেন ভদন্ত আর্য্যলংকার মহাথের।

দ্বিতীয় পর্বে প্রধান ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দশ্রী থের। বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবতিষ্য থের এবং কেরণছড়ি দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুল জ্যোতি থেরসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, স্থানীয় হেডম্যান, কার্বারিসহ জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে পুণ্যার্থীরা বৌদ্ধ ধর্মের শান্তি, মৈত্রী, করুণা ও মানবকল্যাণের আদর্শে অনুপ্রাণিত হন। জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে সমবেত প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার তথ্যমতে, উপজেলায় গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া কঠিন চীবর দানোৎসবের আয়োজন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।