খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৪ পিএম, ২০২৬-১১-২২

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, রাতে বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন সাদিক কায়েমের বাবা আবুল কাশেম। পরে প্রতিবেশীদের ডাকলে তাঁরা এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
 
আবুল কাশেম বলেন, ‘আমরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি দেয়ালের পাশে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আনার পর তাঁরা আগুন নেভান। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত।’
 
প্রতিবেশীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত বাড়িটিতে ছুটে যান। পরে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন।
 
এদিকে, নিজের সত্যতা যাচাই করা ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে তা পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার আলামত দেখা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তাঁদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।