রাঙামাটি শহরে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ


আলমগীর মানিক    |    ০৩:৫৩ এএম, ২০২৫-০৩-১৫

রাঙামাটি শহরে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

পার্বত্য শহর রাঙামাটিতে মাদকের ব্যবহার বৃদ্ধিতে এবং মাদক ব্যবসায়িদের নানান অপকর্মের কারনে অতিষ্ট্য হয়ে মাদক কেনাবেচার সাথে জড়িতদের বিরুদ্ধে এবার বিক্ষোভ করেছে তিন এলাকার বাসিন্দারা। শুক্রবার বিকেলে রাঙামাটি শহরের মেডিকেল কলেজ এলাকায় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শতাধিক নারী-পুরুষ হাসপাতাল সড়ক হয়ে সুখী নীল গঞ্জের ব্রীজের ওপারে সমাবেশে মিলিত হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, এলাকার বাসিন্দা শামিম, ছাত্রনেতা শাকিল, হানিফসহ আরো কয়েকজন। এসময় মাদক ব্যবসায়ি সিন্ডিকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে স্থাণীয়রা।

সমাবেশে বক্তারা বলেন, শহরের অন্যতম পরিচিত হাসপাতাল এলাকা, হ্যাচারি এলাকা, মোল্লা পাড়া এলাকায় জনৈক দেলোয়ার হোসেন শাকিলের নেতৃত্বে মাদক ব্যবসায়িদের সিন্ডিকেট চক্র প্রতিনিয়তই মাদক কেনাবেচা করে উঠতি বয়সী যুবকদের নেশা আসক্ত করে গড়ে তুলছে। এদের নিজেদের অভ্যন্তরীন কোন্দলে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতিমধ্যেই মারামারির ঘটনাও ঘটেছে।

বক্তারা অভিযোগ করে বলেন, মাদক কেনাবেচার সাথে জড়িতদের বিরুদ্ধে এতোদিন কেউই মুখ খুলতে সাহস করেনি। বিগত স্বৈরাচারি সরকারের জনৈক আওয়ামীলীগ নেতা, যুবলীগ নেতার প্রত্যক্ষ মদদে উক্ত এলাকাগুলোতে প্রকাশ্য দিবালোকে ইয়াবা, চোলাই মদসহ বিভিন্ন মাদক কেনাবেচার পাশাপাশি ছিনতাইয়ের মতো অপকর্ম করে আসছে।

সম্প্রতি মাদক ব্যবসায় বাধা দিতে গিয়ে মাদক কারবারিদের আক্রমণের শিকার হয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত ৮ আটজন আহত ব্যক্তি। এই ঘটনায় তিন এলাকার বাসিন্দারা কোতয়ালী থানায় গিয়ে মামলা দায়ের করলে ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেন শাকিলকে গ্রেফতার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে সমাবেশ থেকে অবিলম্বে মাদক ব্যবসায়িদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জায়গা দখল, মাদক বিক্রিসহ নানান অপতথ্য প্রচার করে একটি পক্ষ মূলহোতাদের আড়াল করার চেষ্ঠা চালিয়েছে।

মূল তথ্য হলো হ্যাচারি এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে দোকানঘর উঠিয়ে ব্যবসা করছে স্থানীয় আওয়ামীলীগের দোসররা। তাদের প্রত্যক্ষ মদদেই হাসপাতাল, হ্যাচারি ও মোল্লা পাড়া এলাকায় মাদক ব্যবসা করে আসছে সিন্ডিকেট চক্র। এই ধরনের অপকর্মকারিদের ধারাবাহিক অত্যাচার নীপিড়নে অতিষ্ট্য হয়েই শুক্রবার বিকেলে প্রশাসনের দৃষ্টি আকর্ষনে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। 

উল্লেখ্য, পর্যটন শহর রাঙামাটিতে মাদকের অবাধ ব্যবহারের বিষয়টি ভাবিয়ে তুলেছে শহরের সচেতন নাগরিকদের। সম্প্রতি জেলার সর্বোচ্চ সভা হিসেবে পরিচিত আইনশৃঙ্খলা সভায় মাদকসেবী ও মাদক কেনাবেচার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রায় সকল সদস্যই অভিন্ন ভাষায় অভিযোগ উত্থাপন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যাপক সমালোচনা করে। উক্ত সভায় মাদক অফিসের দায়িত্ব প্রাপ্ত জেলা কর্মকর্তা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করে তার ব্যাপারে আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ প্রকাশ করা হয়।