রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবীরা দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয়তা বাড়ালেন


আলমগীর মানিক    |    ০৭:২২ পিএম, ২০২৫-১২-১০

রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবীরা দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয়তা বাড়ালেন

রাঙ্গামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সক্রিয় স্টেকহোল্ডার সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেছেন।

তারা প্রতিশ্রুতি দিয়েছেন, সেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধির মাধ্যমে সমাজে দুর্নীতিবিরোধী সচেতনতা সম্প্রসারণে ভূমিকা রাখবেন।

‘দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে একসাথে’ স্লোগানের মধ্য দিয়ে রাঙ্গামাটির সচেতন নাগরিক কমিটি (সনাক) এই অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা সভাপতিত্ব করেন এবং সদস্য রেজাউর রশীদ সঞ্চালনা করেন। সভার শুরুতে সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য সীমা দেওয়ান। টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন দলের উপস্থাপনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব ও স্বেচ্ছাসেবীদের সামাজিক দায়িত্ব বিষয়ে আলোচনার সুযোগ দেন। সনাক রাঙ্গামাটির বার্ষিক কার্যক্রম, সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থাপনা করেন এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা।

সভায় অংশগ্রহণকারীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধান প্রস্তাব দেন।

সনাক সদস্য মোহাম্মদ আলীর পরিচালনায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভার শেষে প্রফেসর বাঞ্ছিতা চাকমা উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

বিকেলে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা সভার সমাপনী পর্বে রঙ যোগ করে।