রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


আইয়ুব চৌধুরী    |    ০৫:২৫ পিএম, ২০২৫-১২-২৩

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন।

সভায় বিশেষভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু, রাজস্থলী থানা ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন,
“উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি এ লক্ষ্যে সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।