মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান


আলমগীর মানিক    |    ০৬:৫১ পিএম, ২০২৫-১২-২৫

মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৭ বছর পর স্বদেশে ফিরে টানা ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নং বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পথে পথে লাখো নেতা-কর্মী ও সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়ে বাসযোগে তিনি সংবর্ধনা সমাবেশস্থলে পৌঁছান।

পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পৌঁছানোর পর মঞ্চে তারেক রহমানকে দেখা মাত্রই অপেক্ষমাণ লাখো নেতা-কর্মী ও সমর্থক উল্লাসে ফেটে পড়েন।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশ্বখ্যাত নেতা মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির প্রসঙ্গ টেনে বলেন,
“আমি আজ বলতে চাই—আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন।

আপনারা পাশে থাকলে আমি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।”

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে তারেক রহমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তাঁর আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিজিবি সদস্যসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের সরে যেতে বলা হয়।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তারেক রহমান গুলশান এভিনিউয়ে নিজের বাসভবনে যাবেন বলে জানা গেছে।

দীর্ঘ প্রবাসজীবনের পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আবেগের সৃষ্টি হয়েছে।