স্বদেশে ফিরলেন তারেক রহমান, শুরু বিএনপির পরিচ্ছন্নতা অভিযান”


নিজস্ব প্রতিবেদক    |    ১১:০১ পিএম, ২০২৫-১২-২৫

স্বদেশে ফিরলেন তারেক রহমান, শুরু বিএনপির পরিচ্ছন্নতা অভিযান”

রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য ও আবর্জনা অপসারণে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জনস্বার্থে এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ।

এছাড়া বৃহস্পতিবারের গণজোয়ারে দেশের প্রতিটি প্রান্ত থেকে অংশ নেওয়া সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশের রূপরেখা ও স্বপ্নের কথা জানান।

পথে পথে তাকে দেখতে সড়কের দুপাশে অবস্থান নেন নেতাকর্মী ও সমর্থকরা। তাদের ভালোবাসায় সাড়া দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

সংবর্ধনাস্থলে পৌঁছাতে মাত্র কয়েক মিনিটের পথ হলেও সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা।

তাদের যাত্রাপথের আগে, লন্ডনের স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন তিনি।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান।

মুক্তির পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এরপর দেশে আসার পথ প্রায় বন্ধ হয়ে যায় একের পর এক মামলার কারণে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।