আলমগীর মানিক | ০৯:১২ পিএম, ২০২৫-১২-২৮
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সীমান্ত সুরক্ষা, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি।
বিজিবির চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন ৩টি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়নের সদস্যরা চট্টগ্রামের মীরসরাই উপজেলার আমতলী থেকে রাঙামাটির জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত প্রায় ৫৪০ কিলোমিটার দীর্ঘ পার্বত্য সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
দুর্গম এই সীমান্ত এলাকায় চোরাচালান ও বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চট্টগ্রাম রিজিয়ন।
“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বিজিবি মহাপরিচালকের এই প্রত্যয় বাস্তবায়নে চট্টগ্রাম রিজিয়ন শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, বরং সীমান্তবর্তী দুর্গম এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করছে।
চলতি বছরে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ পরিচালিত অভিযানে ২৯ জন আসামিসহ ৫৮ লাখ ৭৯ হাজার ১৩৫ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ২৭ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৬৮৪ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
সব মিলিয়ে মোট ২৮ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮১৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
রোববার সকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এসব তথ্য জানান।
তিনি বলেন, মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
গত এক বছরে বিজিবি ৮১৫ বোতল বিদেশি মদ, ৪০৮ লিটার দেশীয় মদ, ৩৭৩ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরির ট্যাবলেট, ৪৪৪ দশমিক ৫১৩ কেজি গাঁজা এবং ১ হাজার ২১৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
মাদকের অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিয়মিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ ৬৬৭টি গরু, ১৭টি মহিষ ও ৩৭টি ছাগল উদ্ধার করেছে।
আটককৃত অন্যান্য চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কাঠ ও বাঁশ, ভারতীয় থ্রি-পিস, প্রসাধনী, সাবান, কীটনাশক, শুঁটকি, বিদেশি সিগারেট, ন্যাপি, রসুন, চিনি, জিরা, চা-পাতা, কম্বল, নৌকার ইঞ্জিন, ডিঙ্গি নৌকা এবং চোরাচালানি পণ্য বহনকারী যানবাহন।
অস্ত্র চোরাচালান প্রতিরোধেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিজিবি।
বিশেষ অভিযানে ২টি দেশীয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, ১টি শর্টগান, ১টি ৯ এমএম পিস্তল (যুক্তরাষ্ট্র), ১টি ৮ এমএম পিস্তল (ভারতীয়), ১টি এসএমজি, ৫০০ গ্রাম গান পাউডার, ২টি ম্যাগাজিন এবং প্রায় ৫০০টি দেশীয় অস্ত্র (হাসুয়া ও দা) উদ্ধার করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অপারেশন পরিচালনা করছে বিজিবি।
স্বাধীনতার পর থেকে এ অঞ্চলে দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত ১১০ জন বিজিবি সদস্য শহীদ হয়েছেন, যা শান্তি প্রতিষ্ঠায় বাহিনীর আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকার কর্তৃক অর্পিত অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বও পেশাদারিত্বের সঙ্গে পালন করছে বিজিবি।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তেজনা ও পুশ-ইন রোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
রাঙামাটির বরকল উপজেলায় অবস্থিত বিজিবি তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০১২ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৭১৮ জনকে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তুলেছে।
এছাড়া রাজনগর ব্যাটালিয়নের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণে অংশ নিয়েছে স্থানীয় ১১০ জন যুবক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও জালনোট প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
পাশাপাশি জনসচেতনতামূলক সভার মাধ্যমে সীমান্তবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য বিজিবিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited