সুষ্ঠু নির্বাচনের জন্য এনসিপি-৮ দলের জোট


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৫ পিএম, ২০২৫-১২-২৮

সুষ্ঠু নির্বাচনের জন্য এনসিপি-৮ দলের জোট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান বাস্তবতায় একটি সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আধিপত্যবাদী শক্তি যেন গণঅভ্যুত্থান-পরবর্তী অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যেই এনসিপি এই ঐক্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে।

এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আট দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নির্বাচনী সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, এই সমঝোতার আওতায় জাতীয় নাগরিক পার্টি ও সমমনা আট দল একত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

রোববার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও জানান, দলের সংখ্যাগরিষ্ঠ নেতাদের মতামতের ভিত্তিতেই নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে একই দিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, আট দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) যুক্ত হয়েছে।

ওই সংবাদ সম্মেলনে আট দলের নেতাদের পাশাপাশি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম উপস্থিত ছিলেন।