প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির


মেহেদী হাসান    |    ০৯:১৮ পিএম, ২০২৫-১২-৩১

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র আকার ধারণ করেছে।

কে সরকার গঠন করবে, কারা নির্বাচনে জয়ী হবে এবং কে হবেন প্রধানমন্ত্রী—এসব প্রশ্ন এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত রয়টার্সের ওই সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়, জেন-জির রাজনৈতিক দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর রাজধানীতে নিজের কার্যালয়ে বসে সাক্ষাৎকার দেন জামায়াত আমির।

সেখানে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর একটি ঐক্য সরকার গঠনে আগ্রহী জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে দেখতে চান তারা।

সে লক্ষ্যে সব রাজনৈতিক দল যদি এগিয়ে আসে, তাহলে সম্মিলিতভাবে সরকার পরিচালনার পথে হাঁটতে আপত্তি নেই জামায়াতের।

তার ভাষায়, “আমরা চাই একটি স্থিতিশীল রাষ্ট্র। সব দল একমত হলে আমরা একসঙ্গে সরকার চালাতে পারি।”

ঐক্য সরকার গঠিত হলে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী নির্ধারণ হবে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে।

যে দল সবচেয়ে বেশি আসন পাবে, সেই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তিনি আরও বলেন, যদি জামায়াত সর্বাধিক আসনে জয়ী হয়, তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না।

তবে ঐক্য সরকার গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত ঐক্য সরকারের অংশ হতে হলে সংশ্লিষ্ট সব দলের মূল এজেন্ডা অবশ্যই দুর্নীতিবিরোধী হতে হবে।

রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও কথা বলেন আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।