রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ, ৬ স্বতন্ত্র প্রার্থী বাতিল


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৯ পিএম, ২০২৬-০১-০২

রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ, ৬ স্বতন্ত্র প্রার্থী বাতিল

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শুক্রবার প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ৩৬ প্রার্থীর মনোনয়ন পরীক্ষা করা হয়।

মনোনয়ন বৈধতা পাওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তারা প্রয়োজনীয় ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক কাগজপত্র জমা দিতে ব্যর্থ হন। বাতিল প্রার্থীরা হলেন:

ব্রাহ্মণবাড়িয়া-১: নজরুল ইসলাম, হাবিবুর রহমান,  ব্রাহ্মণবাড়িয়া-৩: আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান, কাজী জাহাঙ্গীর

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১১ প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-১, ২ ও ৩ আসনের বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদেরও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান আক্তার জানিয়েছেন, যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তারা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।