রাবিপ্রবিতে মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের সেমিনার অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ১১:৩৩ পিএম, ২০২৬-০১-০৮

রাবিপ্রবিতে মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের জলজ অণুজীব পরিবেশবিদ্যা গ্রুপের উদ্যোগে “সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণায় ভৌগোলিক তথ্য পদ্ধতি (জিআইএস) ও দূর অনুধাবনের (রিমোট সেন্সিং) প্রয়োগ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটির গবেষণা কর্মকর্তা মো. লিওন হাসান।

মূল বক্তা তাঁর উপস্থাপনায় শিক্ষার্থীদের সমুদ্রভিত্তিক গবেষণায় ভৌগোলিক তথ্য পদ্ধতি (জিআইএস) ও দূর অনুধাবন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

পাশাপাশি তিনি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণার ভবিষ্যৎ সম্ভাবনা ও কার্যকর দিকগুলো তুলে ধরেন।

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মো. ফখরুদ্দিন, প্রভাষক কেয়া চাকমা এবং সিফাতুন নূরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সেমিনারে মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের বিভিন্ন সেমিস্টারের প্রায় ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা সেমিনার থেকে সামুদ্রিক গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে নতুন ধারণা লাভ করেন বলে আয়োজকরা জানান।