ধানের শীষের পক্ষে মাঠে তৃণমূল বিএনপি, চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ


আইয়ুব চৌধুরী    |    ০৯:৩৬ পিএম, ২০২৬-০১-২৩

ধানের শীষের পক্ষে মাঠে তৃণমূল বিএনপি, চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই রাঙামাটির রাজস্থলী উপজেলায় রাজনৈতিক তৎপরতা জোরদার হয়ে উঠেছে।

প্রচারণার দ্বিতীয় দিনেই রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে বর্ণাঢ্য মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট এবং রাঙামাটি–২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হ্যান্ডবিল সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জেলা বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অরুন সেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সুমন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার খলিলুর রহমান শেখ বলেন,
“আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলব।

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে সফল করতে হবে।”

মিছিল ও সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় তাঁরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।