বিলাইছড়ি জোন কমান্ডারের সাথে স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৯:৩২ পিএম, ২০২৬-০১-২৮

বিলাইছড়ি জোন কমান্ডারের সাথে স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ৩২ বীর, বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিলাইছড়ি জোন সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিলাইছড়ি জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ বীর-এর উপ-অধিনায়ক মেজর এ কে এম রিয়াজুল আহসান, পিএসসি; কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মো. রিয়াসাত বিন ফেরদৌস এবং বিলাইছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত।

সাংবাদিকদের পক্ষে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অসীম চাকমা, সদস্য মনু মার্মা ও মো. আলী আজগর।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর আহমদ আফজাল এবং দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি প্রণয় জ্যোতি দেওয়ান।

মতবিনিময়কালে জোন কমান্ডার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিলাইছড়ি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক সুবিধা সম্প্রসারণ এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন কবির বলেন,
“এলাকার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা বিলাইছড়ির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

সভায় উপস্থিত সাংবাদিকরা বিলাইছড়ি উপজেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

জোন কমান্ডার সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।