দ্রুত হাদি হত্যার বিচারের দাবি রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির


মেহেদী হাসান    |    ০৬:২৭ পিএম, ২০২৬-০২-০৭

দ্রুত হাদি হত্যার বিচারের দাবি রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির

দ্রুত শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে সরব হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে সংগঠনটির আয়োজিত ‘গণভোট (জুলাই সনদ বাস্তবায়ন)’ বিষয়ক এক আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. আয়নুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন সংগঠনের সদস্য ফয়সাল আহমেদ।

সভায় বক্তারা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রচার সম্পাদক মোসাদ্দেক হোসেন বলেন, কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ ছাড়াই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি অথবা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে জনমনে আস্থার সংকট তৈরি হবে।

ইংরেজি বিতর্ক সমন্বয়ক নকিবুল আবছার শাওন দ্রুত বিচারের স্বার্থে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। প্রয়োজনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের কথাও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মো. আয়নুল ইসলাম বলেন, “শহীদ ওসমান হাদি ছিলেন আগ্রাসন, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এক নির্ভীক কণ্ঠস্বর।

একটি স্বাধীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন তিনি লালন করতেন। আমরা বিশ্বাস করি, তার হত্যার সুষ্ঠু বিচারই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক সচেতন নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়া।

প্রধান আলোচক ফয়সাল আহমেদ গণভোটের প্রাসঙ্গিকতা ও জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

একই সঙ্গে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশে ‘টার্গেট কিলিং’ বন্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি সঞ্চিতা চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদুল মারুফ, সদস্য সাবহা ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে।

সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার হত্যাকাণ্ড দেশব্যাপী আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন সংগঠন দ্রুত বিচার দাবি করে আসছে।