রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আলমগীর মানিক    |    ০৯:৩৩ পিএম, ২০২৬-০২-২৬

রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমগীর মানিক

রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায়, জনতা ব্যাংক-এর বিপরীতে রাঙ্গাশ্রী কমিউনিটি হলের সামনে থেকে মাদক ব্যবসায়ি রবি হাসান প্রকাশ রবিকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় এবং গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ এনামুল হক এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মাদ সালাহ উদ্দিন খান-এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির পিসি ও পিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে ০২ (দুই)টি মামলা রয়েছে বলে জানাগেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
এরআগেও বুধবার রাঙামাটিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২২ মামলার আসামীসহ চারজনকে ইয়াবা নিয়ে গ্রেফতার করেছে  কোতয়ালী থানা ও জেলা ডিবি পুলিশের পৃথক টিম। 

জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।