রমজানে পাহাড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা পার্বত্য মন্ত্রীর


আলমগীর মানিক    |    ১০:৩৮ পিএম, ২০২৬-০২-২৭

রমজানে পাহাড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা পার্বত্য মন্ত্রীর

আলমগীর মানিক

রমজান মাসকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের কঠোর নির্দেশ দিয়েছেন দীপেন দেওয়ান। তিনি স্পষ্টভাবে জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না এবং বাজার অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সার্কিট হাউস-এ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফা আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌরাত্ম্য কঠোরভাবে দমন করতে হবে। জেলা পরিষদ সদস্যদের তিনি বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন।

ব্যবসায়ী মহলের উদ্দেশ্যে তিনি একটি কার্যকর “বাজার ফান্ড” গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রয়োজনে এ তহবিল ব্যবহার করে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী জানান, বর্তমান সরকার ১৮০ দিনের বিশেষ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত পাহাড়ি এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। তিনি বলেন, “আমরা আগে কাজ করে ফলাফল দেখাতে চাই, তারপর তা জনগণের সামনে দৃশ্যমান হবে।” পাহাড়ে সুষম উন্নয়নে কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বম, পাংখোয়া, খেয়াং-সহ পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠী সরকারের কাছে সমান গুরুত্ব বহন করে। কাউকে পেছনে রেখে নয়, বরং সকল সম্প্রদায়কে দেশের মূলধারার উন্নয়নে সম্পৃক্ত করা হবে।

একই স্থানে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে বৈঠকে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রাথমিক শিক্ষা অফিসের সকল শূন্য পদের তালিকা দ্রুত প্রস্তুত করে পদ্ধতিগতভাবে তা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর কল্যাণে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দেশের স্বার্থে লাভ-লোকসানের হিসাব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।