রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩০ পিএম, ২০২৬-০৩-০৫

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) বিতর্ক চর্চাকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

এটি সংগঠনটির দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ, যা “রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২য় কার্যনির্বাহী পরিষদ” নামে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচিত ৩ (তিন) জন এবং মনোনীত ৮ (আট) জন সদস্যের সমন্বয়ে মোট ১১ (এগারো) সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

সংগঠনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল মারুফ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের ইফতেখার আলম নাহিদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মোঃ মোসাদ্দেক হোসেন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের মনোনীত অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি (প্রশাসন) সঞ্চিতা চক্রবর্তী, সহ-সভাপতি (বিতর্ক) মায়মূনা মুসাররাত তাসফিয়া, বিতর্ক সমন্বয়ক (বাংলা বিতর্ক) মোঃ সামসিদ দোহা উৎস, বিতর্ক সমন্বয়ক (ইংরেজি বিতর্ক) নকিবুল আবছার শাওন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্রিমা চান্দ্রেয়ী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে লোরা চাকমা ও আবুল হাসনাত।

নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা ও গঠনমূলক বিতর্কের চর্চা বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাবিপ্রবিকে প্রতিনিধিত্ব করা এবং সোসাইটির সদস্যদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এই পরিষদ কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আতিয়ার রহমান বলেন, “আমি নতুন কার্যনির্বাহী সদস্যদের নিয়ে আশাবাদী। নিশ্চয়ই তারা নতুন নতুন পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।”

উল্লেখ্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা বিস্তার এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে ২০২৩ সালের ২৮ নভেম্বর রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ ঘটে।

পরবর্তীতে সংগঠনের মৌলিক কাঠামো ও কার্যক্রমকে সুসংগঠিত করার উদ্দেশ্যে ২০২৪ সালের ১৩ মার্চ প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ২০২৫ সালের ২০ জানুয়ারি সংগঠনটির প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকেই রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি মুক্তবুদ্ধির চর্চা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং সচেতন নাগরিক তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

একই সঙ্গে দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং গভীর দেশপ্রেম সংগঠনটির কার্যক্রমকে অনুপ্রাণিত করছে।

এই আদর্শ ও প্রত্যয়কে সামনে রেখে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি রাবিপ্রবি তথা সমগ্র বাংলাদেশে বিতর্ক চর্চাকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।