রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সম্মেলন: সভাপতি মুমু, সম্পাদক বিনয়


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৩৭ পিএম, ২০২৬-০৩-০৬

রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সম্মেলন: সভাপতি মুমু, সম্পাদক বিনয়

‘সত্যের পক্ষে এক ঝাঁক কলম সৈনিক’—এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক (আরজেএন)-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার প্রতিনিধি বিনয় চাকমা

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মহুয়া জান্নাত মনি

শুক্রবার সকাল ১০টায় শহরের কাঠালতলী সিনেমা হল এলাকায় আরজেএন-এর অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে সংগঠনের ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী দুই বছর পর্যন্ত এই কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও মূল্যায়নসহ সংগঠনকে আরও গতিশীল ও গণতান্ত্রিক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফাতেমা জান্নাত মুমু বলেন, পার্বত্যাঞ্চলে গণমাধ্যমকর্মীদের সঠিক অবস্থান তৈরি করতে হলে প্রথমেই ঐক্য প্রয়োজন।

পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়েই এ সংগঠনের পথচলা শুরু হয়েছে। এই পথে চলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

তাই সত্যের পথে থেকে যেকোনো সমস্যা মোকাবিলা করা এবং নিজেদের পেশাগত মানোন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং এলাকার বাস্তব চিত্র তুলে ধরতে কাজ করবে এ সংগঠনের সদস্যরা।

এর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলাকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে কলম সৈনিকরা ভূমিকা রাখবে।