পানিতে ডুবে মারা গেল শিশু আবদুল্লাহ


অহিদুল ইসলাম অভি    |    ০৪:১৭ পিএম, ২০২৬-০৪-২৩

পানিতে ডুবে মারা গেল শিশু আবদুল্লাহ

রাঙামাটি শহরের নিউমার্কেট এলাকার সোনালী ব্যাংকের পেছনের সিঁড়ি ঘাটে গোসল করতে গিয়ে মোঃ আবদুল্লাহ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ তার এক বন্ধুর সঙ্গে ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত সে পানির গভীরে তলিয়ে যায়।

এসময় সঙ্গে থাকা অপর শিশুর চিৎকারে আশপাশের স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টার পর পানির গভীর থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে দুপুর ১টা ২৫ মিনিটে তাকে দ্রুত রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল্লাহ রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হ্যাপির মোড় এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ হাসান এবং মাতা লাকী আক্তার।

বর্তমানে মরদেহটি রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।