বাঘাইছড়িতে ইউএনও ও ওসির সঙ্গে রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ


বাঘাইছড়ি সংবাদদাতা    |    ১১:৫১ পিএম, ২০২৬-০৪-২৬

বাঘাইছড়িতে ইউএনও ও ওসির সঙ্গে রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নবগঠিত “রিপোর্টার্স ইউনিটি বাঘাইছড়ি”-এর কমিটির পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে প্রথমে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান-এর সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

এ সময় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সাক্ষাৎকালে ইউএনও আমেনা মারজান দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও উন্নয়নমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে একই দিনে বাঘাইছড়ি থানায় গিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রিপোর্টার্স ইউনিটি বাঘাইছড়ির নেতৃবৃন্দ।

এ সময় ওসি নাছির উদ্দীন মজুমদার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

তিনি বলেন, তথ্যনির্ভর ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। গুজব ও বিভ্রান্তি রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

সৌজন্য সাক্ষাৎগুলোর মাধ্যমে রিপোর্টার্স ইউনিটি বাঘাইছড়ির নবগঠিত কমিটি, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পাশাপাশি ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করা হয়।