নানিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন


মাহাদি বিন সুলতান    |    ০৯:২৭ পিএম, ২০২৬-০৪-৩০

নানিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন

পার্বত্যাঞ্চলে ক্রীড়ার বিকাশ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নানিয়ারচর উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’।

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে নানিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মঞ্জুরুল মোর্শেদ।

উদ্বোধনের মাধ্যমে এথলেটিক্স, ক্রিকেট ও ফুটবলসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী বালক ও বালিকা শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আয়োজক সূত্রে জানা যায়, নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ২৮০ জন নবীন ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় যুক্ত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা উপজেলা পর্যায়ে তরুণ প্রতিভা খুঁজে বের করার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি।

এখান থেকে নির্বাচিত খেলোয়াড়রা জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ নানিয়ারচরের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এই আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।