রাঙ্গামাটিতে ডিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আলমগীর মানিক    |    ১০:১৪ পিএম, ২০২৬-০৫-০২

রাঙ্গামাটিতে ডিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গামাটি শহরে মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে কামরুল ইসলাম রানা (৩২) নামের এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কোতোয়ালি থানার ঝগড়াবিল এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোঃ মফিজ উদ্দীনের পুত্র।

এই অভিযানটি রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।