বাঘাইছড়িতে ভূমি মেলার শুভ উদ্বোধন


ওমর ফারুক সুমন    |    ১১:৫৩ পিএম, ২০২৬-০৫-১৯

বাঘাইছড়িতে ভূমি মেলার শুভ উদ্বোধন

রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।

সকালে ভূমি অফিসের প্রধান ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন আগের তুলনায় অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা ভূমি অফিসের বিভিন্ন অনলাইন সেবা, নামজারি, খাজনা প্রদান এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেলায় ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও সাধারণ জনগণকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান, পরামর্শ এবং অভিযোগ গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।