বাঘাইছড়িতে শিক্ষা ও মানবিক সহায়তা দিল মারিশ্যা জোন (২৭ বিজিবি)


ওমর ফারুক সুমন    |    ১২:০৬ এএম, ২০২৬-০৫-২৫

বাঘাইছড়িতে শিক্ষা ও মানবিক সহায়তা দিল মারিশ্যা জোন (২৭ বিজিবি)

বাঘাইছড়ি-তে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

রবিবার (২৪ মে) মারিশ্যা জোনের উদ্যোগে কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মনোরম ও উপযোগী পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়টিকে ৫ বান টিন, ২০ সেট স্কুল ড্রেস এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ব্ল্যাকবোর্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝেও মানবিক সহায়তা বিতরণ করা হয়। জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কালা চাকমাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

এছাড়া জনি চাকমাকে আর্থিক স্বচ্ছলতা অর্জনে নগদ অর্থ সহায়তা এবং নিরু কান্তি চাকমাকে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক ও বিনোদনমূলক পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে স্থানীয়দের জন্য একটি ক্যারাম বোর্ডও বিতরণ করা হয়েছে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন,

“বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, ওল্ডলংকর বিওপি ও কমলাপাড়া টিওবি কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষা ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।