সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫


ওমর ফারুক সুমন    |    ০২:৩১ পিএম, ২০২৬-০৫-২৫

সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত প্রায় ৪টার দিকে সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে হঠাৎ প্রবল বজ্রপাত হলে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।

বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই শিশু উজ্জ্বল চাকমার মৃত্যু হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পরে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন— প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), নিজুম চাকমা (৩), জেরিন চাকমা (১৫) ও রেশমি চাকমা (২৮)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পাহাড়ি এলাকায় বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়।

বিশেষ করে দুর্গম অঞ্চলে সচেতনতার অভাব এবং নিরাপদ আশ্রয়ের সংকট থাকায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।

তারা সবাইকে বজ্রপাতের সময় ঘরের বাইরে না থাকা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় পুরো ভাইবাছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় পরিবারটির আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।