খাগড়াছড়ি প্রতিনিধি | ১০:৩৮ পিএম, ২০২৬-০৬-০৯
খাগড়াছড়ি-সাজেক সড়কের মাইনী নদীর ওপর নির্মিত অস্থায়ী বেইলি সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক ভ্যালি এবং রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সেতুটি অস্থায়ী কাঠামোর ওপর নির্ভরশীল।
স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ, প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচলের কারণে সেতুটির ওপর চাপ বাড়ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয় যানবাহনের পাশাপাশি পর্যটকবাহী মাইক্রোবাস, জিপ ও বাস নিয়মিত চলাচল করছে এই সেতুর ওপর দিয়ে।
একই সঙ্গে সীমান্ত সড়ক নির্মাণকাজে ব্যবহৃত সিমেন্ট, ইট, পাথর, বনজ কাঠ ও বাঁশবোঝাই ভারী ট্রাকও পারাপার হচ্ছে।
অতিরিক্ত যানবাহনের চাপের ফলে প্রায়ই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী, পর্যটক, সাধারণ যাত্রী এবং চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার দশক আগে মাইনী নদীর ওপর প্রায় ৩৬০ ফুট দৈর্ঘ্যের এই বেইলি সেতুটি অস্থায়ী ভিত্তিতে নির্মাণ করা হয়।
সময়ের সঙ্গে সঙ্গে সেতুটির কাঠামো দুর্বল হয়ে পড়লেও এর বিকল্প হিসেবে স্থায়ী কোনো সেতু নির্মাণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।
এর আগেও একাধিকবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০১৭ এবং ২০২৩ সালে কাঠ ও পাথরবোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর পাটাতন ভেঙে যানবাহন নদীতে পড়ে যায়।
এসব ঘটনার ফলে কয়েক দফা সাজেক পর্যটন কেন্দ্র এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তবে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
পরিবহন চালকদের ভাষ্য অনুযায়ী, সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় পুরো কাঠামো দুলতে থাকে। এতে চালকদের মধ্যে সবসময় এক ধরনের আতঙ্ক কাজ করে।
বিশেষ করে পণ্যবোঝাই ট্রাক পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
সাজেকগামী পর্যটকবাহী গাড়ির চালক মো. রিয়াজুল বলেন, মাইনী সেতুতে যানজটের কারণে অনেক সময় নির্ধারিত সময়ে সেনাবাহিনীর নিরাপত্তা স্কটের সঙ্গে যাওয়া সম্ভব হয় না।
ফলে পর্যটক ও চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা ভ্রমণসূচিতে নেতিবাচক প্রভাব ফেলে।
অন্যদিকে ট্রাকচালক মো. সুমন জানান, পণ্যবোঝাই ট্রাক নিয়ে সেতু পার হওয়ার সময় সেতুটি কাঁপতে থাকে।
অতীতে কয়েকবার সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বলে প্রতিবার পারাপারের সময় উদ্বেগে থাকতে হয়। তিনি দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞানো) বলেন, সেতুটি এতটাই সংকীর্ণ যে একই সময়ে দুই দিকের যানবাহন চলাচল সম্ভব হয় না।
ফলে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক সময় কবাখালী স্টেডিয়াম এলাকা থেকে শুরু করে সেতুর অপর পাশের ফায়ার সার্ভিস ও বাবুপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে যানবাহনের সারি দেখা যায়।
এতে রোগী, শিক্ষার্থী, পর্যটকসহ সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হন। পাশাপাশি সেতুর বর্তমান অবস্থা দুর্ঘটনার ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, মাইনী বেইলি সেতুটি বর্তমানে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (২০ ইসিবি) তত্ত্বাবধানে রয়েছে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
স্থানীয়দের মতে, প্রতিবছর লাখো পর্যটক সাজেক ভ্রমণের জন্য এই সড়ক ব্যবহার করেন।
পাশাপাশি বাঘাইছড়ি ও লংগদু উপজেলার মানুষের দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও মাইনী সেতুর গুরুত্ব অপরিসীম।
অথচ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ অবকাঠামোটি অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তাদের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে এবং পর্যটন ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাকে আরও নিরাপদ ও টেকসই করতে দ্রুত আধুনিক ও স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।
অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited