বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন


ওমর ফারুক সুমন    |    ০৭:৩৫ পিএম, ২০২৬-০৬-১৮

বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন

করব মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলার উদ্বোধন করেন আমেনা মারজান।

উদ্বোধনকালে তিনি বলেন, ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাশাপাশি তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী এবং শিক্ষক রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার।

এছাড়াও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য ফলগুলোর বৈশিষ্ট্য, পুষ্টিগুণ ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।

বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন অপ্রচলিত ও নতুন জাতের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ প্রশংসিত হয়েছে।

মেলার বিভিন্ন স্টলে আম, কাঁঠাল, লিচু, জাম, ড্রাগন ফল, মাল্টা, কমলা, আঙুরসহ নানা ধরনের মৌসুমি ও বাণিজ্যিক ফল প্রদর্শিত হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ জুন থেকে শুরু হওয়া এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

এ আয়োজনের মাধ্যমে ফল চাষ সম্প্রসারণ, কৃষকদের উদ্বুদ্ধকরণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি বিভাগ।

উদ্বোধনের প্রথম দিন থেকেই মেলায় স্থানীয় জনগণ, কৃষক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে ফল চাষে আগ্রহ বৃদ্ধি পাবে এবং কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।