রাজস্থলী উপজেলা পরিদর্শনে সন্তোষ প্রকাশ বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের


আজগর আলী খান    |    ০৩:১৪ পিএম, ২০২৬-০৬-২৮

রাজস্থলী উপজেলা পরিদর্শনে সন্তোষ প্রকাশ বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিদর্শন করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি দপ্তর ও সেবামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন।

পরিদর্শন শেষে তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রাজস্থলীতে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে রাজস্থলী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইহানুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জোনায়েদসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর এবং চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

তিনি মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দিতে আন্তরিকতা, জবাবদিহিতা এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

পরিদর্শনের শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান চুক্তিভিত্তিক নির্মাণকাজ পরিদর্শন করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সফর শেষে বিভাগীয় কমিশনার বলেন, রাজস্থলী উপজেলার উন্নয়ন কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে।

উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি জনগণকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।