এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইডের নতুন কমিটির পরিচিতি সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


অহিদুল ইসলাম অভি    |    ০৫:০৬ পিএম, ২০২৬-০৬-২৮

এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইডের নতুন কমিটির পরিচিতি সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটিতে পর্যটন খাতের উন্নয়ন ও দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরির লক্ষ্যে কাজ করা সংগঠন এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইড-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান-এর পিআরএল (PRL) উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন ২০২৪) রাঙামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দীর্ঘ কর্মজীবনে যুব উন্নয়ন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ উপ-পরিচালক মো. শাহজাহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জসিম উদ্দিনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, রাঙামাটির পাহাড়, হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদ। এ সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, মানসম্মত আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কার্যকর প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকার, স্থানীয় প্রশাসন, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগে রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

সংগঠনের সভাপতি মো. সোহেল রানা বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ, দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরি এবং পার্বত্য অঞ্চলের ইতিবাচক পর্যটন ভাবমূর্তি তুলে ধরতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। এ ধরনের আয়োজন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাঙামাটির পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দক্ষ গাইড তৈরিতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মো. সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব), কোষাধ্যক্ষ মো. ফাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার ইমন রাসেল এবং প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে এস. এম. জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে আরও কয়েকজন সদস্য দায়িত্ব গ্রহণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব) নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড তৈরিসহ জেলার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও কার্যকরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।