রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮


আলমগীর মানিক    |    ০২:০৩ এএম, ২০২৬-০৯-১৬

রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

আলমগীর মানিক

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১১ জনকে মাদক কারবারি এবং ৭ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবদুর রহমান, নুর নবী, মানিক উদ্দীন, সৌরভ, কাঞ্চন মজুমদার, রঞ্জিত বড়ুয়া, আল আমিন ব্যাপারি, মিজান, ইয়াছিন, নুর মোহাম্মদ ও মামুন রয়েছেন।

অন্যদিকে মাদক সেবনের অভিযোগে পূর্ণ প্রিয় চাকমা, লিটন চাকমা, অদিব ত্রিপুরা, মংকিউ রোয়াজা, দয়াল মনি চাকমা, মোহাম্মদ সাগর ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যদেরও বিধি অনুযায়ী আদালতে পাঠানো হবে।