সাজেকে রবিবার এক দিনের জন্য শিথিল হচ্ছে অবরোধ


মেহেদী হাসান    |    ০৮:৪২ পিএম, ২০২৬-১০-৩০

সাজেকে রবিবার এক দিনের জন্য শিথিল হচ্ছে অবরোধ

নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামালসহ বিভিন্ন মালামাল পরিবহন ও সাধারণ মানুষের প্রয়োজনীয় চলাচলের সুবিধার্থে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে আগামী রবিবার (১ নভেম্বর) এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ শিথিলতা কার্যকর থাকবে। তবে সোমবার (২ নভেম্বর) থেকে আবারও পূর্বের মতো অবরোধ কর্মসূচি চলবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

তিনি জানান, এলাকার সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় মালামাল ও কাঁচামাল পরিবহনসহ বিভিন্ন পণ্য আনা-নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে রবিবার এক দিনের জন্য অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময় শেষে আবারও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে পাহাড়ি সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব পালনের বিষয়টিও বিবেচনায় নিয়েছে আন্দোলনকারীরা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে এ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য আলোচনা সাপেক্ষে বৌদ্ধ ভিক্ষুদের চলাচল ও প্রয়োজনীয় যানবাহন প্রবেশে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে।

এজন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সাজেকের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা অবরোধের নবম দিন শেষে শুক্রবার রাতে এক দিনের জন্য কর্মসূচি শিথিলের এ ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।