ক্ষমতায় বিএনপি, সরকারি গেটে তালা ছাত্রলীগের! রাঙামাটিতে নেপথ্যে কী?


আলমগীর মানিক    |    ০৮:৩১ পিএম, ২০২৬-১১-১০

ক্ষমতায় বিএনপি, সরকারি গেটে তালা ছাত্রলীগের! রাঙামাটিতে নেপথ্যে কী?

আলমগীর মানিক

 

এতদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অন্তত এমন একটি ঘটনা ঘটাল, যা রাঙামাটির প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং ক্ষমতাসীন বিএনপির সাংগঠনিক সক্ষমতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ছোট্ট একটি শহর রাঙামাটি। যেখানে প্রশাসনের বিভিন্ন সংস্থার উপস্থিতি রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে, গোয়েন্দা নজরদারিও থাকার কথা। অথচ সেই শহরেই প্রকাশ্যে ভিডিও ধারণ করে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটল। প্রশ্ন হচ্ছে, এতসব নিরাপত্তাব্যবস্থা তাহলে কোন কাজে নিয়োজিত?

রাঙামাটির জেলা জজ আদালত থেকে শুরু করে প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি নিছক কয়েকটি তালা লাগানোর ঘটনা নয়। এটি প্রশাসনিক সতর্কতা, গোয়েন্দা নজরদারি এবং রাজনৈতিক নেতৃত্বের মাঠপর্যায়ের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকারের দাবি এবং প্রকাশ্যে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সবচেয়ে বড় প্রশ্ন, সরকারি অফিসগুলোতে রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরীরা কোথায় ছিলেন? তাঁদের দায়িত্ব কী ছিল? সরকারি অর্থে বেতন-ভাতা দিয়ে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি কি যথাযথভাবে তদারক করা হয়? রাতের অন্ধকারে একের পর এক প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হলো, অথচ আগাম কোনো সতর্কতা কেন পাওয়া গেল না? প্রশাসন ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে এমন ফাঁক তৈরি হলো কীভাবে?

এবার আসা যাক রাঙামাটির রাজনৈতিক বাস্তবতায়। বর্তমানে জেলা শহরের রাজনৈতিক মাঠে বিএনপির একচ্ছত্র প্রভাব রয়েছে বললেই চলে। শহরের অলিগলি থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশ পর্যন্ত দলটির নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ে। তাহলে এমন একটি পূর্বঘোষিত কর্মসূচি প্রতিহত করার ক্ষেত্রে জেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতি কোথায় ছিল? দলটির নেতৃত্ব কি কেবল ক্ষমতার বলয় ও প্রশাসনিক সুযোগ-সুবিধার হিসাবেই ব্যস্ত?

রাঙামাটির রাজনৈতিক অঙ্গনে এখন যে প্রশ্নটি ক্রমেই বড় হয়ে উঠছে, তা হলো; বিএনপির স্থানীয় নেতৃত্ব কি রাজনীতি করছে, নাকি ক্ষমতার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতেই ব্যস্ত?

জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, গণপূর্ত বিভাগ ও সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়নকাজ, টেন্ডার এবং ঠিকাদারি কার্যক্রম ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের কাজ ও সুযোগ-সুবিধা বণ্টনে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও উত্থাপিত হচ্ছে। অভিযোগগুলোর সত্যতা অবশ্যই নিরপেক্ষভাবে তদন্তের দাবি রাখে। তবে প্রশ্ন হচ্ছে, দলের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বাড়ানো, জনসম্পৃক্ততা তৈরি এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা মোকাবিলার চেয়ে এসব হিসাব-নিকাশই কি স্থানীয় নেতৃত্বের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

রাজনীতির মাঠ ফাঁকা থাকলে সেই শূন্যস্থান অন্য কেউ দখল করবেই। রাঙামাটির সাম্প্রতিক ঘটনাটি যেন সেই বাস্তবতারই একটি সতর্কবার্তা। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন যদি এত সহজে শহরের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিজেদের উপস্থিতি জানান দিতে পারে, তাহলে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

এখানে বিএনপির স্থানীয় নেতৃত্বের সাংগঠনিক ব্যর্থতার প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একটি রাজনৈতিক দলের দায়িত্ব শুধু ক্ষমতায় থাকা নয়; দলীয় শৃঙ্খলা বজায় রাখা, জনসম্পৃক্ততা তৈরি করা, রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা এবং আইনসম্মত উপায়ে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করাও নেতৃত্বের দায়িত্বের অংশ। অথচ রাঙামাটিতে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে দৃশ্যমান ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে।

আরও উদ্বেগজনক বিষয় হলো, স্থানীয় রাজনীতিতে কিছু নেতার ব্যক্তিগত আচরণ নিয়েও অসন্তোষ রয়েছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ কিংবা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেওয়ার প্রবণতা কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের পরিচয় হতে পারে না। সাংবাদিকরা কারও ব্যক্তিগত প্রতিপক্ষ নন। তাঁরা প্রশ্ন করবেন, অনিয়মের অভিযোগ তুলে ধরবেন এবং জনস্বার্থে জবাবদিহি চাইবেন! এটাই তাঁদের দায়িত্ব।

স্থানীয় রাজনৈতিক মহলে আরও কিছু নেতার বিরুদ্ধে বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে সখ্য, মাদক ও অবৈধ ব্যবসার প্রভাববলয়কে প্রশ্রয় দেওয়া এবং ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক পরিচয় ব্যবহারের অভিযোগও আলোচিত হচ্ছে। রাজনৈতিক দলের নেতৃত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জমতে থাকলে দলটির ভাবমূর্তি ও সাংগঠনিক ভিত্তি যে ক্ষতিগ্রস্ত হয়, তা বলার অপেক্ষা রাখে না।

যাঁরা নিজেদের সাংগঠনিক শক্তির বড়াই করেন, তাঁদের কাছে প্রশ্ন? নিজেদের পদ-পদবি, প্রভাব ও রাজনৈতিক অবস্থান ধরে রাখার বাইরে সাধারণ মানুষের আস্থা অর্জনে কী করেছেন? শহরের মানুষ যখন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তখন রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকা কোথায়? সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ কোথায়?

আজকের তালা-কাণ্ড বিএনপির স্থানীয় নেতৃত্বের জন্যও একটি রাজনৈতিক সতর্কবার্তা। কারণ, ক্ষমতার প্রভাব দিয়ে সাময়িকভাবে অনেক কিছু নিয়ন্ত্রণ করা গেলেও সাংগঠনিক দুর্বলতা, জনবিচ্ছিন্নতা ও নেতৃত্বের প্রতি আস্থাহীনতা আড়াল করা যায় না। চার-পাঁচজন প্রভাবশালী নেতার বলয়ে একটি জেলার রাজনীতি আটকে থাকলে তৃণমূলের শক্তি কখনোই বিকশিত হবে না।

সবশেষে প্রশ্নটি শুধু নিষিদ্ধ ছাত্রলীগের নয়, শুধু বিএনপিরও নয়। প্রশ্নটি রাষ্ট্রের প্রশাসনিক সক্ষমতা, সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা নিয়ে। রাঙামাটির মতো ছোট্ট শহরে যদি একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ফটকে প্রকাশ্যে তালা ঝুলিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে এর দায় কে নেবে?

সরকার কি প্রশাসনিক ব্যর্থতার দায় এড়াতে পারবে? জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এই ঘটনার যথাযথ ব্যাখ্যা দেবে? আর জেলা বিএনপি কি নিজেদের সাংগঠনিক দুর্বলতা স্বীকার করে মাঠের রাজনীতিতে ফিরে আসবে, নাকি উন্নয়নকাজ, টেন্ডার ও ব্যক্তিগত স্বার্থের হিসাবেই নিজেদের ব্যস্ত রাখবে?

রাঙামাটির মানুষ এখন এসব প্রশ্নের উত্তর চায়। কারণ, রাজনীতি যদি জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিস্বার্থের হাতিয়ারে পরিণত হয়, তাহলে তার মূল্য শেষ পর্যন্ত দিতে হয় তৃণমুল তথা সাধারণ মানুষকেই!!!