রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গণপিটুনিতে আটক যুবকের মৃত্যু


আইয়ুব চৌধুরী    |    ১১:৩১ পিএম, ২০২৬-১১-১০

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গণপিটুনিতে আটক যুবকের মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল প্রদর্শন করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় স্থানীয় জনতার হাতে আটক এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে স্থানীয় লোকজনের মারধরে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় অবস্থিত ব্যাপ্টিস্ট সার্চ হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরার কাছে দুই ব্যক্তি খেলনা পিস্তল প্রদর্শন করে নগদ ২ লাখ টাকা ও আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুইটি স্বর্ণের আংটিসহ মো. রফিক (২৫) নামে এক যুবককে আটক করেন। অপর অভিযুক্ত মো. আকাশ (২৪) নগদ ২ লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায়।

আটক রফিক স্থানীয় লোকজনের মারধরে গুরুতর আহত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটক রফিকের বাড়ি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মুন্সি পাড়ায়। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে। অপর পলাতক অভিযুক্ত আকাশ একই ইউনিয়নের শফিপুর এলাকার মোহাম্মদ আলী করিমের ছেলে। সূত্র জানায়, আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা একটি চুরির মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, প্রকাশ্যে জনতার হাতে আটক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু এবং খেলনা পিস্তল ব্যবহার করে এমন দুঃসাহসিক লুটের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে চারজনের একটি দল চার্চে ডাকাতি করে। এ সময় স্থানীয়রা এক ডাকাতকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পূর্বে জনতার মারধরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

​পুলিশ ঘটনাস্থল থেকে দুটি স্বর্ণের আংটি (মূল্য প্রায় ৮০ হাজার টাকা) ও একটি খেলনা পিস্তল জব্দ করে। এ সময় ডাকাত দলের অন্য তিন সদস্য নগদ ২ লাখ টাকাসহ পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।