রাঙ্গামাটিতে পুলিশ-পরিবহন নেতাদের মতবিনিময়


আলমগীর মানিক    |    ০৭:৪৮ পিএম, ২০২৫-১২-১০

রাঙ্গামাটিতে পুলিশ-পরিবহন নেতাদের মতবিনিময়

রাঙ্গামাটি, ১০ ডিসেম্বর ২০২৫: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটির পরিবহন খাতের বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

মতবিনিময় সভায় পরিবহন খাত সংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ যান চলাচল বন্ধকরণ ও যাত্রী হয়রানি রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের সমস্যা, প্রস্তাবনা ও মতামত উপস্থাপন করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, “রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোন ধরনের অবৈধ কার্যক্রম, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি মেনে নেওয়া হবে না। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।