৩০ নেতা নাহিদকে জামায়াত জোটে না যাওয়ার অনুরোধ


অহিদুল ইসলাম অভি    |    ০৮:৫২ পিএম, ২০২৫-১২-২৭

৩০ নেতা নাহিদকে জামায়াত জোটে না যাওয়ার অনুরোধ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে অনুরোধ করেছেন, জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যেতে।

শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত স্মারকলিপি’ শিরোনামে চিঠিতে নেতারা উল্লেখ করেছেন, জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের এক বছরের বিভাজনমূলক কর্মকাণ্ড, অন্যান্য দলের মধ্যে গুপ্তচরবৃত্তি ও অপপ্রচারের চেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনে বিভ্রান্তিকর প্রচারণা, এবং এনসিপি ও ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্রহননের চেষ্টা দেশের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠেছে।

চিঠিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা এবং গণহত্যায় সহযোগিতা তাদের রাজনৈতিক ইতিহাসের এমন দিক, যা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

নেতারা আশঙ্কা করছেন, জামায়াতের সঙ্গে কোনো জোট এনসিপির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করবে।

নেতারা আরও উল্লেখ করেছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইতিমধ্যে প্রায় ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এখন অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া দলের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে।

চিঠিতে নেতারা অনুরোধ করেছেন, নীতিগত অবস্থান মেনে কৌশল নির্ধারণ করা উচিত এবং কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়।

চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন ও সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ।