একদিনেই যেন বয়স বেড়ে গেল এক যুগ


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৪ পিএম, ২০২৫-১২-৩০

একদিনেই যেন বয়স বেড়ে গেল এক যুগ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আবেগঘন আলোচনা ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে তাঁর একটি সাম্প্রতিক ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মায়ের মৃত্যুর মাত্র একদিনের ব্যবধানে তারেক রহমানের চেহারা ও অভিব্যক্তিতে গভীর শোকের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

সামাজিক মাধ্যমে অনেকে তাঁর মায়ের মৃত্যুর আগের এক হাস্যোজ্জ্বল ছবির সঙ্গে পরের দিনের বিষণ্ণ মুখের ছবি তুলনা করে পোস্ট করছেন।

নেটিজেনদের বড় একটি অংশ মন্তব্য করছেন, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রিয় মানুষকে হারানোর শোকে তারেক রহমানের চেহারায় যেন এক যুগের ক্লান্তি নেমে এসেছে।

ছবির ক্যাপশনে বারবার উঠে আসছে একটি বাক্য— “একদিনে বয়স বেড়ে গেল এক যুগ”। এই কথাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগের প্রতীকে পরিণত হয়েছে।

ছবিগুলোতে তারেক রহমানের চোখেমুখে যে গভীর শোক, ক্লান্তি ও বিষণ্ণতা ফুটে উঠেছে, তা সাধারণ মানুষকে নাড়া দিয়েছে।

বিশেষ করে দীর্ঘ ১৮ বছর প্রবাসে থাকার পর মায়ের শেষ সময়টুকু কাছে থেকে দেখার এবং বিদায়ের সাক্ষী হওয়ার আবেগীয় বাস্তবতার সঙ্গে এই পরিবর্তনকে মিলিয়ে দেখছেন তাঁর অনুসারীরা।

অনেকেই মনে করছেন, মায়ের মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেতাকেই নয়, বরং একজন সন্তানকেও ভেতর থেকে ভেঙে দিয়েছে—যার প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর চেহারা ও অভিব্যক্তিতে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।

মৃত্যুর সময় তারেক রহমান তাঁর শয্যাপাশেই উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শেরেবাংলা নগরে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।