পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৫ পিএম, ২০২৬-০১-০১

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শোকের এই গভীর মুহূর্তে তিনি তার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

মানুষের বিপুল ভালোবাসা ও সহমর্মিতা তাকে এই বেদনার সময় একা থাকতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে—নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই যেন তার পরিবারে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।

ফেসবুক পোস্টের শুরুতে তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি তার জীবনের প্রথম শিক্ষক, প্রিয় মা ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন।

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তারেক রহমান আরও বলেন, অগণিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী, পরিবার-পরিজন ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত।

লক্ষ-লক্ষ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করেছে এবং এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, তা তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, বহু দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও প্রতিনিধিদের সশরীরে উপস্থিত হয়ে শোক প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সরাসরি উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

পাশাপাশি যেসব দেশ আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান। এসব সহমর্মিতা তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তারেক রহমান বলেন, তার মা সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিবেদিত রেখেছিলেন। আজ সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন।

একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন—যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথযাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

বিশেষ করে সেই মানুষগুলোর জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি ও প্রেরণা জুগিয়েছে।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তার মায়ের রূহকে শান্তি দান করেন।

তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই যেন দেশবাসী শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।